• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বাস উল্টে ডোবায়, আহত-২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৩, ১১:২০ পূর্বাহ্ণ
গৌরনদীতে বাস উল্টে ডোবায়, আহত-২০

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ইলিশ পরিবহনের একটি যাত্রিবাহী বাস উল্টে ডোবায় পড়ে গেছে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। গুরুত্বর আহত এক শিশুকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালগামী বেপরোয়াগতির ইলিশ পরিবহনের বাসের সাথে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইলিশ পরিবহনের এসি বাস উল্টে ডোবায় এবং শ্যামলী বাস মহাসড়কের পাশে খাদায় পড়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ডোবায় পড়ে যাওয়া ইলিশ পরিবহনের মধ্যে আটকে পড়া নারী ও শিশু সহ গুরুত্বর ১৭জন উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো উদ্ধার অভিযান চলছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, চালক ও সুপারভাইজার পলাতক থাকায় দূর্ঘটনা কবলিত বাসটিতে কতজন যাত্রী ছিলো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ডোবা থেকে উত্তোলনের জন্য চেষ্টা চলছে। ডোবা থেকে উঠানোর পর পূনরায় তল্লাশি চালিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।