• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গড়ে দাও দেখি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১, ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ণ
গড়ে দাও দেখি

শেখ ফাহমিদা নাজনীন

গড়বেই যদি গড়ে নাও এই বেলা,
শহর গড়তে আরো যা যা আছে বাকি,
পার্ক, রেস্তোরা, সিমেন্ট-বালুর খেলা,
আকাশটা ছুঁতে আরো দেরি আছে নাকি?

দালান গড়ছো, ভাঙছে মাটির টিলা,
আসবাবে হলো উজাড় সেগুন বন,
পাহাড় ভাঙছো, মাটি হয়ে গেছে ঢিলা,
ধ্বস নেমে এলো বন্যার আলাপন।

নদীর হৃদয় উথলিয়ে ওঠে কাদা,
ড্রেজার বসালে, তবু ফিরছেনা শ্বাস,
কি জানি, কোথায়, নির্মাণে পেল বাঁধা,
উথাল-পাথাল ছুটে বেড়াবার আশ।

শহর গড়ছো, হৃদয়টা কংক্রিট,
মানুষ গড়ার কারিগর কোথা পাবো?
হারিয়ে ফেলেছি ঝিঁঝিঁ পোকা, শূককীট,
প্রজাপতি মন, উন্মনা হয়ে ভাবো।

একটা শহর কিংবা একটা দেশ,
গড়তেই পারো, লোকবল জড়ো করে,
একটা মানুষ, বিশুদ্ধ পরিবেশ,
গড়ে দাও দেখি, হৃদয় আবেগ ধরে।

শহর অথবা দেশ গড়বার চেয়ে,
মানুষ গড়াই আজ বড় প্রয়োজন,
সৎ, নির্ভীক, একটা জটলা পেয়ে,
গড়ে উঠবেই শুদ্ধ দেশের মন।