গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে বসতঘরের আড়া থেকে কমলেশ মন্ডল (৪০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার দক্ষিণ মাদ্রা গ্রামের নিজ বসতঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের সদস্যরা। নিহত কমলেশ ওই গ্রামের মৃত কুমোদ মন্ডলের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন জানান, গত পাঁচ বছর পূর্বে প্রেমের সম্পর্কে এক নারীকে বিয়ে করে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যায় কমলেশ। এতোদিন সেখানেই ছিলো। তাদের দাম্পত্য জীবনে একটি সন্তান রয়েছে। চারমাস পূর্বে অজ্ঞাত কারনে ভারতে স্ত্রী-সন্তান রেখে নিজবাড়িতে এসে বসবার শুরু করে কমলেশ। স্বজনদের বরাত দিয়ে এসআই আরও বলেন, দেশে চলে আসার পর সে (কমলেশ) মানসিক ভাবে বিধ্বস্ত ছিলো। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরধরে আত্মহত্যা করেছে কমলেশ।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।