স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আজ শনিবার (০৫ আগষ্ট) দুপুরে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধূরীকে সাথে নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষ তারা কিছুক্ষণ নীরবে বেদীর পাশে দাঁড়িয়ে থাকেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধূরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়েরুজ্জামান কামাল, সদস্য নূরে জান্নাত আক্তার সীমাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধূরী ও সাধারণ সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ সহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত মন্তব্য বহিতে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধূরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, নারায়নগঞ্জ, গাজীপুর, ররিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মনবাড়িয়া, কুষ্টিয়া, যশোর, দিনাজপুর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ পৃথকভাবে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানান। #