নলছিটি প্রতিনিধি:
ঘড়িতে সময় ঠিক একটা বেজে ৪০ মিনিট, অফিসটি বেস ফাঁকা । নেই বিদ্যুৎ। এক সরকারি কর্মচারীকে হাতপাখা দিয়ে বাতাস করছেন এক সেবা গ্রহীতা নারী। আর ওই কর্মচারীও যেন বেশ আনন্দেই উপভোগ করছেন বিষয়টি। গত রবিবার ( ৬ আগস্ট ) এমনি এক ঘটনার ভিডিও চিত্র ধারণ হয় স্থানীয়দের ক্যামেরায় । এদিকে ভিডিওর টের পেয়ে দ্রুত সরে যাওয়ায় ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। পরবর্তীতে ওই ভিডিও একে একে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।
বলছিলাম ঝালকাঠির নলছিটি উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মো. আঃ মান্নানের কথা। শুধু এখানেই শেষ নয়। ওই অফিস সহকারী আঃ মান্নানের বিরুদ্ধে রয়েছে সেবা গ্রহীতাদের অভিযোগের ঝুড়ি। টাকা না দিলে কাজ করেন না বলেও অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবা গ্রহীতা।
বিষয়টি সাংবাদিকদের নজরে আসলে বুধবার ( ৯ আগস্ট ) অফিসে উপস্থিত হয়ে অফিস সহকারী মো. আঃ মান্নানের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।
নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন চৌধুরীকে অফিস কক্ষে না পাওয়ায় মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন “আমি ছুটিতে থাকার কারনে বিষয়টি সম্পর্কে অবগত নই। ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে ঘটনার তদন্ত ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহপার পারভীন মুঠোফোনে সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কোন ভাবেই এমনটা করার সুযোগ নেই। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।