• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে রাতের আধারে বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৩, ১৮:০৬ অপরাহ্ণ
যশোরে রাতের আধারে  বাড়িতে আগুন

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি : যশোরে মাছের ঘের ব্যবসায়ীর হাতের আঙ্গুল কেটে নিয়েই ক্ষ্যান্ত হয়নি সন্ত্রাসীরা। এবার রাতের আধারে তার বাড়িতে আগুন দেয়া হয়েছে। গত ১৭ আগস্ট গভীর রাতে যশোর সদর উপজেলার বসুন্দিয়ার সদুল্যাপুর নাথপাড়ার অসীম সরকারের বাড়িতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ। ফলে জীবনাশঙ্কায় ভুগছেন অসীম সরকার ও তার পরিবার।
এই ঘটনায় গতকাল শুক্রবার কোতোয়ালি থানায় অসীম সরকার অভিযোগ দিয়েছেন।
এদিকে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলছেন, আগুন দেয়ার ঘটনায় আমরা মামলা নিইনা। পাশাপাশি তিনি আরো বলেছেন ঘরে আগুন দেয়ার ঘটনাও মিথ্যা।
অভিযোগকারী অসীম সরকার জানিয়েছেন, বাঘারপাড়ার বারভাগ-নিত্যানন্দপুরে সদর উপজেলার বসুন্দিয়ার জামায়াতের নেতা ইউসুফ আলীর কাছ থেকে একটি মাছের ঘের ৫ বছর মেয়াদে লিজ নিয়েছেন। এক বছর আগে লিজ নিয়ে সেখানে অনেক টাকা ব্যয়ে মাছের চাষ করছেন। এরই মধ্যে ঘেরটি ফেরৎ নেয়ার জন্য চেষ্টা করছেন মালিক ইউসুফ আলী। কিন্তু ৫ বছর মেয়াদে এক বছর হতেই ফেরৎ দিতে রাজি রাজি হননি অসীম সরকার। ফলে অসীমকে খুন করতে বাঘারপাড়ার নিত্যানন্দুপুর গ্রামের হারুন মোল্যার ছেলে সবুজের সাথে ৬০ হাজার টাকা চুক্তি করেন ইউসুফ আলী। গত ২৩ জুলাই বিকেলে আলাদিপুর বাজারে বসে অসীমকে ঘের ছেড়ে দিতে বলে সবুজ। রাজি না হওয়ায় ২৬ জুলাই রাত ১১টার দিকে বসুজের নেতুত্বে ৪/৫জন অসীমের ঘেলে যায়। এসময় অসীমকে ডেকে কথা আছে বলে কিছু দুরে নিয়ে যায়। এরপর তার হাত বেধে একটি ইটের উপর হাত থেকে বাম হাতের বৃদ্ধাঙ্গুল কেটে নিয়ে যায়। এই ঘটনার মামলায় সবুজ, আব্দুর রহিম ও আব্দুল আজিজকে পুলিশ আটক করে। আটক তিনজই ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। জবানবন্দিতে সবুজ জানিয়েছে বসুন্দিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামায়াতের নেতা ইউসুফ আলী মাছের ঘেরটি ফেরৎ না পেয়ে ৬০ হাজার টাকা চুক্তিতে অসীম সরকারকে খুন করতে তাদের ভাড়া করেছে।
এরপর থেকেই আরো বেপরোয়া হয়ে ওঠে ইউসুফ আলী। গত ১১ আগস্ট রাত ১০টার দিকে আবারো লোক ভাড়া করে অসীম সরকারের বাড়িতে পাঠিয়ে মামলা প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার না করলে আগে হাতের আঙ্গুল নেয়া হয়েছে এবার মাথা দিতে হবে।
১৭ আগস্ট দুপুর ২টার দিকে বসুন্দিয়া বাজার গোবিন্দের ফ্লেক্সি লোডের দোকানে অসীমকে খুন করার ব্যাপারে হুমকি দিয়েছে। একইদিন রাত ১১টার দিকে বাড়ির সকলে শুয়ে পড়ে। গভীর রাত সাড়ে ১২টার দিকে রান্না ঘরের পাশে ছাগলের ডাক শুনে অসীম সরকারের স্ত্রী পিংকি রানী দরজা খুলে দেখেন ছাগলের ঘরে রাখা জালানী কাঠের আগুন জ্বলছে। চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অসীম সরকার আরো জানিয়েছেন, ইউসুফ আলীর নেতৃত্বে ৪/৫জনে তার ঘরে আগুন দিয়েছে।
উল্লেখ্য গত ১১ আগস্ট রাতে মামলা প্রত্যাহারের জন্য বাড়িতে গিয়ে হুমকি দেয়ার ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এরপরই আবার ঘরে আগুন দেয়ার ঘটনায় পুরো পরিবার এখন আতংকের মধ্যে রয়েছে।
প্রতিবেশি ব্যবসায়ী বাসুদেব সেন বলেছেন, একটি পরিবারকে ধ্বংস করতে এমন ষড়যন্ত্রে আমরা আতংকিত। আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই ব্যাপারে বসুন্দিয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ড মেম্বর ইমরান হোসেন মিলন বলেছেন, একটি মাছের ঘের ফেরৎ নিতে অসীমের হাতের আঙ্গুল কেটে নিয়েছে। মামলা প্রত্যাহারে বাড়িতে হুমকি শেষ পর্যন্ত ঘরে আগুন দেয়ার ঘটনায় এলাকার লোকজনও এখন আতংকগ্রস্থ হয়ে পড়েছে।
এই ব্যাপারে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান বলেছেন, আগুন দেয়ার ঘটনাটি ভুক্তভোগী পরিবারের সাজানো নাটক।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেছেন, ঘরে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা নেয়া হয়না। তিনি আরো বলেছেন আগুন দেয়ার ঘটনাটি মিথ্যা।