আবির হাসান, খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতায় হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং রানারআপ হয়েছে গণিত ডিসিপ্লিন। এর আগে দাবা খেলায় অংশ নেওয়া ২৮ টি ডিসিপ্লিনের মধ্যে নির্বাচিত হয়ে ১৯ আগস্ট (শনিবার) ফাইনালে অংশ নেয়। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেদারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক (দিপু)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম, সেকশন অফিসার মোঃ ফেরদৌস এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।