স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শোকাবহ আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
আজ বুধবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়া পৌঁছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এসময় কিছুক্ষণ বেদির পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন এবং বিগউলের সুর বেজে ওঠে। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহে মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিষে মোনাজাত করেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশ জাতির অব্যাহত অগ্রগতি, উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণের জন্য।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় কোস্ট গার্ড সদর দপ্তরের পদস্থ কর্মকর্তা, জোনাল কমান্ডার পশ্চিম জোন, অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন স্তরের কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। #