• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৩, ১২:২৬ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করা হয়েছে।
৩০ আগষ্ট বুধবার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
একই দিন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জমান স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৫(২)ধারায় পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেন।
প্রজ্ঞাপনে জানা যায়,এমপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি, সম্পত্তি হস্তান্তর করের ৪ টি প্রকল্পের কাজ না করে ৮ লাখ টাকা আত্নসাত,মুবিবর্ষের ঘর মাটি দ্বারা ভরাটের কথা থাকলেও অবৈধভাবে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নিয়ম মত না করে বরাদ্দের ৫০ মে. টন গম বাজারে বিক্রি করে টাকা আত্নসাত, বিধিবহির্ভূতভাবে ইউনিয়ন পরিষদের প্রধান আয় কর আদায় বন্ধ করে দেয়াসহ ১০ টি অভিযোগ সরেজমিনে তদন্ত করে প্রমানিত হয়েছে।
এছাড়া ইউনিয়র পরিষদ আইন ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী ৯ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দেয়। অভিযোগ প্রমানিত হওয়ায় এবং অনাস্থা প্রস্তাব ইউনিয়ন পরিষদ আইনে আলাউদ্দিন সর্দারের পদ শূন্য ঘোষণা
করা হয়।
উল্লেখ্য ভোলা-২ আসনের সংসদ সদস্য(এমপি) আলী আজম মুকুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়ায় আলাউদ্দিন সরদারকে গত ৬ জুলাই বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম ঢাকার ডিএমপির কদমতলী থানা এলাকা থেকে গভীর রাতে তাকে আটক করে। তাকে চাঁদাবাজিসহ দুইটি মামলায় আটক দেখিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গত ৪ জুন শনিবার ভোলা ২ আসনের এমপি আলী আজম মুকুলকে সামাজিক যোগাযোগের মাধমে হত্যার হুমকি দেয় পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।
হত্যার হুমকির ঘটনায় গত ৬ জুন সোমবার ছাত্রলীগের বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি হাসান মুন্না বাদী হয়ে আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।