• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় নবগঠিত সদর উপজেলা কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ণ
ভোলায় নবগঠিত সদর উপজেলা কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি ॥

ভোলা সদর উপজেলা কৃষকদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
প্রধান অতিথি বক্তব্য গোলাম নবী আলমগীর বলেন, কৃষিকাজে সর্বপ্রথম বিপ্লব ঘটিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। কৃষকদের আধুনিকায়নে জিয়াউর রহমান আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছিলেন। আজ কৃষিকাজে যে বিপ্লব ঘটেছে তা শুধু জিয়াউর রহমানের জন্যই সম্ভব হয়েছে। তিনি বলেন, বিশিষ্ট ব্যবসায়ী, লঞ্চ মালিক এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আল মামুন বর্তমান স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দী রয়েছেন। আমরা গিয়াস উদ্দিন আল মামুনের মতো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার কারামুক্তির দাবী জানাচ্ছি। আমরা অনতিবিলম্বে গিয়াস উদ্দিন আল মামুনের নিঃশর্ত মুক্তির জোর দাবী করছি।
তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সরকার পতনের আন্দোলন-সংগ্রামসহ সকল কর্মসূচিতে নবগঠিত সদর উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিএনপির নেতৃবৃন্দের সাথে মিলে মিশে কৃষক দলকে শক্তিশালী করে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ভোলা জেলা কৃষকদলের মো. আব্দুর রহমান সেন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসনাত তসলিমের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (জনতার রফিক), ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, মো. এনামুল হক, কবির হোসেন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন প্রমুখ।
পরিচিতি সভায় সদর উপজেলা কৃষকদলের নবগঠিত কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশ নেন।