বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নে পূর্ব লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রায়হানপুর ইউনিয়নের খাসতবক এলাকার বাবুল হওলাদারের ছেলে মোঃ রাকিব (১৮), জামিরতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সাকিব (১৮) এবং উপজেলার রুপধন এলাকার মোঃ নাসির উদ্দিনের ছেলে তানভীর (২০)।
খোঁজ নিয়ে জানা যায়, কাকচিড়া থেকে খাসতবক এলাকায় তিন যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সড়কে রাখা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ছিটকে পরে যায়। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে পার্শ্ববর্তী কাকচিড়া বাজারে এলাহি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত্যু ঘোষণা করেন।
তবে এ বিষয়ে বারবার পাথরঘাটা থানার ওসির মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মী ওসিসহ পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে নিশ্চিত করেছেন।