বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা-নিশানবাড়িয়া সড়কে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক জসিম (৩৮) এর মৃত্যু হয়। গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৪ যাত্রী।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় সদর উপজেলার ৮ নং বরগুনা ইউনিয়নের বৈঠাকাটা আলোর দোকান নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জসিম সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাজারে মজিবুল হকের ছেলে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, সকাল থেকেই বরগুনা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টিস্নাত সকালে এক নারী রাস্তা পার হচ্ছিলেন। তাকে রক্ষা করতে গিয়ে দ্রুতগতির সিএনজিটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেলে সিএনজির সামনের অংশ ধুমড়-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পথের মধ্যেই সিএনজি ড্রাইভারের মৃত্যু হয়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের সংবাদ শুনে স্বজনরা এসে ভিড় করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জসিম ছিলেন বরগুনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছি পথচারীকে রক্ষা করতে গিয়ে সিএনজি ড্রাইভার জসিম নিহত হন।