• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত-৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৩, ১৯:৪২ অপরাহ্ণ
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত-৪

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন।

আজ বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল বরিশালের কদম আলীর ছেলে। তিনি ঢাকায় ব্যবসায় করেন এবং ওয়ারী হাটখোলা এলাকায় থাকতেন।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, একটি মাইক্রোবাসে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ী বরিশাল যাচ্ছিলেন। এসময় মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলে ব্যবসায়ী মোস্তফা কামাল নিহত হন এবং তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত স্ত্রী ও দুই মেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। #