গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামে রহস্যজনক ভাবে নিহত কিশোর আমিনুল ইসলাম (১৪) লাশ উদ্ধার করেছে থানা পুলিশের সদস্যরা। নিহত আমিনুল ওই গ্রামের আনিচ সিকদারের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যায় কিশোর আমিনুল। এসময় মসজিদের পাশে তার সামনে বসে মাদ্রাসার দুই ছাত্র মারিমারি করছিলো। মাদ্রাসা ছাত্রদের মারামারি না ফেরানোর অজুহাতে একই এলাকার মেহের সিকদারের ছেলে হালিম সিকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোর আমিনুলকে মারধর করে। জুমার নামাজ শেষে বাড়িতে গিয়ে এঘটনা আমিনুল তার মাকে জানায়। পরে আমিনুলের মা তার ছেলেকে কেন মারা হয়েছে বিষয়টি হালিম সিকদারের কাছে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ফের আমিনুল ও তার মাকে মারধর করে হালিম। একপর্যায়ে মা-ছেলে মারধরের শিকার হয়ে তারা সেখান থেকে বাড়ি ফিরে যায়। বিকেলে আমিনুলকে বাসায় রেখে তার মা দোকানে চাল কিনতে যায়। দোকান থেকে ফিরে বসতঘরে ঢুকেই ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো আমিনুলকে ঝুলতে দেখে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এসে আমিনুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, খবরপেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।