স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উপ-কমিটির নেতৃবৃন্দ।
আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় চিত্রনায়ক জায়েদ খান, ডিপজল, চিত্র নায়িকা সিমলা, ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সত্যজিৎ দাস রুপো, হাসানুল জামাল খান, রেহানা পারভীন, ফিরোজ মাহমুদ টিটোসহ সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালাবে এ কমিটি। যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেয় সেজন্য লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। #