ইতালি প্রতিনিধিঃ
ইতালিতে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির আয়োজনে শীত কালিন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীতের আমেজে পরিবারকে সঙ্গে নিয়ে প্রবাসী নারীরা বাহারি পিঠা নিয়ে হাজির হন এই উৎসবে।
ইতালির রাজধানী রোমের সেন্তসেল্লের স্থানীয় একটি হল রুমে এই উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশের মতো বিদেশের মাটিতেও বাংলা সংস্কৃতি ও কৃষ্টি সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ইতালি এই পিঠা উৎসবের আয়োজন করে। এতে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পরিচালক মোঃ কামাল হোসেন, মোঃ কাজল হোসেন ও সৈয়দ সুমনের সার্বিক ব্যবস্থাপনায় এবং সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সমিতির ৪ শতাধিক সদস্যসহ অতিথিরা অংশ নেন।
নানা নামের বাহারি নকশার মুখরোচক সব পিঠার মধ্যে ছিল ভাপা পিঠা, নারিকেল দুধ পুলি, গোলাপ ফুল পিঠা, পাটি সাপটা, চিতই পিঠা, মালপোয়া পিঠা,ফুলঝুরি পিঠা,সেমাই পিঠা, সন্দেশসহ মজার সব সুস্বাদু ও নজরকাড়া পিঠা। উৎসবে প্রায় ৫০ রকমের দেশীয় পিঠা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ যেন এক প্রবাসের বুকে একখণ্ড বাংলাদেশ। বাঙালি’র হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। আর তাই পিঠা বাঙালি’র জীবন ও লোকজ খাদ্য সংস্কৃতির এক অপরিহার্য অংশ। আরো বললেন- সকলের সম্মিলিত চেষ্টায় প্রবাসের মাটিতে এই ধরনের অনুষ্ঠান দেশের সুনাম বয়ে আনে ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিদের পিঠা পরিদর্শন আপ্যায়ন শেষে অংশগ্রহণকারী নারীদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।