• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে চাচার দেয়া আগুনে পুড়ে ভাতিজার মৃত্যু, ভাবি দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে দেবরের দেয়া আগুনে পুড়ে সাত মাসের শিশু ভাতিজা আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়েছে ভাবি আসমা বেগমকে (২৮)।

শনিবার (৬ জানুয়ারী) দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধ আসমা বেগম কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামের মো: মোরাদ মোল্যার স্ত্রী ও আব্দুর রহিম তার ছেলে।

অগ্নিদগ্ধ আসমা বেগমের স্বামী মো: মোরাদ মোল্যা জানান, তার আপন ভাই হোসাইন মোল্যা তার স্ত্রী আসমা বেগম ও শিশু সন্তান আব্দুর রহিমকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শিশুপুত্র পুড়ে মারা যায় এবং স্ত্রী আসমা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি। #