• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউনিয়ন যুবলীগ নেতাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় গুলিশাখালী ইউনিয়ন যুবলীগের এক নেতাকে মারধর করে তার নিকট থেকে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী পৌর শহরের বাটা সু ষ্টোরের সামনে।

জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি মো. লিটন জমাদ্দার বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্ত্রী নিয়ে আমতলী শহরে আসেন কেনাকাটা করতে। তারা শহরের পুরাতন বাজারের বাটাসু ষ্টোরের সামনে আসা মাত্র রিয়াজ মুন্সি নামে আরেক যুবলীগ নেতা তাকে দেখামাত্র কটুক্তি করে গালাগাল শুরু করেন। লিটন জমাদ্দার কটুক্তির প্রতিবাদ করলে তাকে কিল ঘুষি মেরে আহত করে তার নিকট থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন লিটন জমাদ্দার।

লিটন জমাদ্দার অভিযোগ করে বলেন, আমি মেয়র এবং ভাইস চেয়ারম্যানের অনুসারী হওয়ায় রিয়াজ মুন্সি আমাকে মারধর করে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

রিয়াজ মুন্সি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি লিটন জমাদ্দারকে মারধর করি নাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।