এম এস খালিদ, বাগেরহাট:
বাগেরহাটের ফকিরহাটে বিটুমিন বোঝাই ট্রাক (যশোর-ট-১১-৪৬৭৮) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই চালক সোহাইব হোসেন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ১৫ মিনিটের সময় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালকের সহকারি জাহাঙ্গীর সরদার আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
নিহত ট্রাক চালক সোহাইব হোসেন সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। ও আহত জাহাঙ্গীর সাতক্ষীরা সদরের বাবর আলী সরদারের ছেলে।
ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাজাহান মিয়া বলেন, চট্টগ্রাম থেকে বিটুমিন বোঝাই করে ট্রাকটি মোংলায় যাচ্ছিল। পথিমধ্যে ফকিরহাটের বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে আটকে যায়। এসময় ট্রাক ড্রাইভার ঘটনাস্থলে নিহত এবং চালকের সহযোগী আহত হয়েছেন। আমরা আহতকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।