• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের বিচারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাসদ সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

আজ রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুরে মুকসুদপুর সরকারি কলেজের সামনের সড়কে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বিচারের দাবীতে বিভিন্ন ধরণের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। এ মানববন্ধনে সরকারি মুকসুদপুর কলেজেরে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করেন।

বাসদ সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জোন ইনচার্জ ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাহমুদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাসদ ফরিদপুর অঞ্চল কমিটির আহবায়ক মোসায়েদ হোসেন ঢালী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের ফরিদপুর জেলার আহবায়ক সজল বাড়ৈ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তা ও নেতৃবৃন্দ বলেন, দেশের বেশিরভাগ শ্রমজীবী পরিবারগুলো তাদের সন্তানদের মাদ্রাসায় পড়তে পাঠান একরকম বাধ্য হয়েই। কারণ বাবা মা দুজনই কাজে বের হলে সন্তানকে দেখার কেউ থাকে না। তাই সারাদিন মাদ্রাসায় থাকলে একদিকে পড়াশোনাও হয় আবার ধর্মীয় চিন্তা থেকে নিরাপদ মনে করেন। কিন্তু মাদ্রাসাগুলোতে অনেক সময়ই ছোট ছোট ছেলে এবং মেয়েরা শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার হয়। দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং অর্থনৈতিক অস্বচ্ছলতাকে পুঁজি করে দিনের পর দিন কিছু লোক তাদের এই বিকৃত রুচির চর্চা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রায় কোন ঘটনারই বিচার বা শাস্তি পরিলক্ষিত হয় না। #