স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, দেশ স্বাধীনের পর সাড়ে ৩ বছরের মাথায় জাতির পিতাকে হারানোর পরে দিকভ্রান্ত সমবায় সমিতিগুলো উদ্বাস্তুর মত হয়ে গেছে। পারস্পারিক দ্বন্দ্বে জড়িত হয়ে সমবায়ভিত্তিক চিন্তাটাই মানুষের মধ্যে নেই। সেটিকেই নতুন করে আবার জাগিয়ে তুলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।
আজ বুধবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু জরাগ্রস্থ বাংলাদেশকে টেনে তুলতে পরিকল্পনা করেছিলেন সমবায়ভিত্তিক বাংলাদেশের। সম্পদের মালিক হবে তিন শ্রেনীর ব্যক্তি, সমবায়ভিত্তিক ও রাষ্ট্র। আমাদের দেশে দুটি জিনিসের কিছুটা উন্নয়ন হলেও সমবায়ভিত্তির উন্নয়ন হয়নি। সমবায়ভিত্তির রাষ্ট্র করলে সকলের সমতা আসতো। কিন্তু তা সেভাবে বাস্তবায়ন হয়নি কারন সাম্রাজ্যবাদীদের থাবায় বা মুক্তবাজার অর্থনীতির কবলে পড়ে।
এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #