স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে।
আজ সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয়বাংলা পুকুর বধ্যভূমির শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার আল-বেলী আফিফা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ৭১ এর ২৫-শে মার্চ গণহত্যায় নিহত বীর শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালনসহ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ২৫ মার্চ বাংলাদেশের স্বাধীনতা রুখতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালীদের উপর হামলা চালিয়ে হত্যা করে। বিভিন্ন স্থানে দেয়া হয় গণ কবর। তারপরেও সকল ভয় ভীতি জয় করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাঙ্গালীরা সাহসীকতার সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। #