গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের হিজলায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি চারজনকে আটক করে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, রোববার উপজেলার খুন্না গোবিন্দপুরে যৌথ অভিযানে প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নতুন ৬৩ হাজার মিটার ইলিশ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় একজনকে আটক করে মোবাইল কোর্ট চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে শনিবার দিনভর মেঘনা নদীর চর মেমানিয়ায় অভিযান চালিয়ে একটি বেহুন্দী জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এসময় নৌ পুলিশের এসআই মোঃ মজিবুর রহমান, বশির উদ্দিন উপস্থিত ছিলেন।