স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দেশজুড়ে দেয়া হয়েছে এসএসসির ফলাফল। পরীক্ষায় জাহিদুল শেখের বড় মেয়ে মরিয়ম খানম মানবিক বিভাগ থেকে এসএসসি পাশ করে। এ খবরে পুরো বাড়িতে আনন্দের জোয়ার। পুরো বাড়িতে শুরু হয় হৈচৈ।
কিন্তু ঠিক তখনি আনন্দের জোয়ারে নেমে এলো শোকের ভাটা। ছোট ছেলে রিফাত শেখের (৩) মৃত্যুতে পুরো পরিবারে এখন কান্নার রোল। আহাজারীতে চলছে শোকের মাতম।
আজ রবিবার (১২ মে) বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে বাড়ীর পাশের পুকুরে ডুবে মারা যায় তিন বছরের শিশু রিফাত। মৃত রিফাত শেখ তারাশী গ্রামের জাহিদুল শেখের ছেলে।
মৃত রিফাত শেখের মামা হাফিজুর শেখ জানান, আজ সকালে তার ভাগ্নী মরিয়ম খানমের এসএসসির ফলাফল প্রকাশ পায়। জিপিএ ৪.৩৯ পেয়ে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয় সে। আশানুরুপ ফলাফল না হলেও পরিবারের সবাই খুশি হয়।
ঠিক এ সময় বাড়ির বাইরে খেলতে থাকা মরিয়মের ছোট ভাই ৩ বছর বয়সী রিফাত শেখকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষন পর পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা।
পরে তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রিফাতকে মৃত ঘোষণা করেন। যেখানে বড় মেয়ে এসএসসি পাশের খবর বের হওয়ায় বাড়িতে উৎসব হওয়ার কথা সেখানে পুরো বাড়ি এখন শোকে নিস্তব্ধ। #