• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-১, আহত-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-১, আহত-২

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শের খান (৪৫) নামে প্রাইভেটকারের আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

আজ সোমবার (১৩ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শের খান ঢাকার মিরপুর–২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে। অপর আহত দু’জন হলেন, প্রাইভেটকার চালক সোহেল (৪৫) ও নড়াইল এক্সপ্রেসের যাত্রী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর (৪০)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুছে যায় ও বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী শের খান নিহত ও অপর দু’জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গেপ্তারের চেষ্টা চলছে। #