গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ও হিজলা উপজেলার চর একতার বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বৃহস্পতিবার রাতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ বেহুন্দী জাল জব্দ করে মোবাইল কোর্ট চালিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। একইদিন বিকেলে হিজলা উপজেলার মেঘনা নদীর চর একতার বাজারে একটি দোকান থেকে নতুন ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং একজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এসময় হিজলা নৌ পুলিশের এসআই বশির উদ্দিন উপস্থিত ছিলেন।