স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে ভিতরে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো দুই শ্রমিক।
আজ শনিবার (১৮ মে) দুপুরে পারুলিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের পুলিশ সদস্য আলমগীর হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, রাজমিস্ত্রী ইসমাইল হোসেন সুমন (৪৫) ও নাহিদ (২২)। এদের বাড়ী চাঁদপুর জেলার সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
আহতরা হলেন, শ্রমিক মাহবুব ও মুকুল। তাদেরকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোঃ জিল্লুর রহমান জানান, চাঁদপুর সদর উপজেলার বাঘারপুর ইউনিয়নের সোলেমান মিয়ার ছেলে রাজমিস্ত্রি ইসমাইল হোসেন সুমন তার লোকজন নিয়ে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে পুলিশ সদস্য আলমগীর হোসেনের নতুন বাড়ি সেফটি ট্যাংক পরিষ্কার করতে যায়।
এসময় সেফটি ট্যাংকির ভিতরে ইসমাইল হোসেন সুমন ও নাহিদ নামে দুই শ্রমিক নামলে বিষাক্ত গ্যাসে তারা অজ্ঞান হয়ে যায়। বিষয়টি টের পেয়ে অপর দুই শ্রমিক মাহবুব ও মুকুল উদ্ধার করতে এগিয়ে গেলে বিষাক্ত গ্যাসে তারাও অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে ৪০ মিনিট পর তাদেরকে উদ্ধার করে। পরে তাদেরকে কাশীয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে শ্রমিক সুমন ও নাহিদকে মৃত ঘোষণা করে জরুরি বিভাগের চিকিৎসক। বাকি আহত দুই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, নিহত দুই শ্রমিকের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত আইনগত ব্যবস্থা নেয়া হবে। #