স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আমার সব শ্যাষ হয়ে গেলো। এখন পরিবার নিয়ে কি ভাবে চলবো। আমার আর কোন আয়ের পথ থাকলো না। এখন না খেয়েই দিন কাটাতে হবে আমাদের। এমন ভাবেই প্রলাপ বকছিলেন প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাস।
আয় আর বেঁচে থাকা একমাত্র অবলম্বন তিন গরু হারিয়ে পাগল প্রায় প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাস। আজ রোববার (১৯ মে) ভোর রাতে গোপালগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় অগ্নিকান্ড তার তিনটি গরু পুড়ে মারা যায়। এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাস জানান, গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে রাখে। সেই কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন লাগলে ৩টি গরু পুড়ে মারা যায়। পরে পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সাভিসের কর্মীরা আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে পারলেও গরু তিনটিকে বাঁচাতে পারেনি।
স্থানীয় ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোল্যা রনি হোসেন কালু জানিয়েছেন, এই গরুর দুধ বিক্রি করে চলতো প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাসের পরিবারের খরচ। এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্থ এই পরিবারে পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। #