• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত দোষীদের গ্রেফতার ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীকে অপসারণের দাবীতে জেলা প্রশাসকের কায্যালয় ঘোরাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগ‌ঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে মো. ওসিকুর ভুইয়া নামের এক যুবক নিহতের ঘটনায় দোষীদের গ্রেফতার ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ গাজী হাফিজুর রহমান লিকুর অপসারণের দাবীতে জেলা প্রশাসকের কায্যালয় ঘোরাও করে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

আজ রোববার (১৯ মে) বেলা সাড়ে ১২টায় সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলীর কর্মী-সমর্থক এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বিক্ষুব্ধরা জেলা প্রশাসকের কায্যালয় ঘোরাও করে বিভিন্ন শ্লোগান দেয়। প্রায় ১ ঘন্টা ঘোরাও করে রাখার পর বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান লিটন, যু্বলীগ নেতা জাহেদ মাহমুদ বাপ্পী, রনি হোসেন কালু, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা বক্তব্য রাখেন। পরে দোষীদের গ্রেফতারের ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ গাজী হাফিজুর রহমান লিকুর অপসারণের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হলোও সাধারন মানুষ তা মেনে নিয়েছিল। কিন্তু অবৈধ অস্ত্র দিয়ে গুলি করিয়ে হত্যা করা হলো। আগামী ৭দিনের মধ্যে দোষীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ গাজী হাফিজুর রহমান লিকুকে অপসারণ করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ মে) রাতে উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী সহিংসতায় বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকের গুলিতে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলির সমর্থক মো. ওসিকুর ভুইয়া নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় বিজয়ী চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়াসহ ৭৩ জনকে আসামী করে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কেউকে গ্রেপ্তার করতে পারেনি। #