• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তোমার প্রশ্রয়ের আশকারায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৬, ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ণ
তোমার প্রশ্রয়ের আশকারায়

শেখ ফাহমিদা নাজনীন

তোমাকে বারবার ডাকি,
কারণে-অকারণে ডাকি,
ভয় পেলে ডাকি,
প্রচন্ড তেষ্টা-ক্ষুধায় ডাকি,
কখনো আনন্দেও ডাকি।
সচকিত হয়ে কিংবা মনের অজান্তে,
হঠাৎ করেই তোমাকে ডেকে উঠি।
সে ডাক তোমার কাছে পৌঁছায় কিনা,
তা জানতে পারা আমার পক্ষে বড্ড দুরূহ।
তবু ডাকি,
ডাকতে হয় তাই ডাকি
অথবা অভ্যাসে ডাকি।
এভাবে ডাকতে ডাকতে,
কখন যেন তোমার সাথে
একটা অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়ে গেছি।
আমি তোমাকে ডাকবো,
আর তুমি আমাকে দেবে সেই সমস্ত পরমানন্দের উপকরণ,
যা আমি পেতে চাই
অথবা যা চাওয়ার চেয়েও বেশি।
আমি আজকাল স্বপ্ন দেখতে শিখেছি,
হঠাৎ একদিন এক দোদুল্যমান মুহূর্তে,
নবী ইসমাইলের মত ভীষণ আস্থার সাথে যেন বলে উঠি,
হে প্রভু, তোমার ইচ্ছাই আমার আদেশ,
তুমি নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে।
আমি স্বপ্ন দেখি,
অথচ তোমার পরীক্ষাগারে পা রাখার দুঃসাহস আমার নেই।
তাই তোমার পরীক্ষা থেকে পালিয়ে বেড়াই।
আমার দুর্বলতাতো তুমি জানো,
আমার স্বপ্নের পরিধিও তোমার অজ্ঞাত নেই।
লোভ, মোহ, পরশ্রীকাতরতা
আর ভীষণ অলস একটা পরিত্যক্ত জীবন নিয়ে বসে আছি।
তবু যাতুন্নিকাতাইনের মত,
নিজের নাড়িছেড়া ধনকে আমারও বলতে ইচ্ছা করে,
আল্লাহর পথে লড়াই করে শহীদ হয়ে যাও
আর আমার চক্ষু শীতলকারী হও।
অথচ সন্তানের একটু অসুখ করলেই,
সব ভুলে যায়,
ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠি,
মুহূর্তেই তোমার কাছে নিরাপত্তার দাবি করে বসি।
আমার এই দুর্বলতায় তুমি কি প্রশ্রয়ের হাসি হাসো?
নাকি বিদ্রুপ করো?
বিদ্রুপ তোমাকে মানায় না, আমি জানি।
তাই তোমার প্রশ্রয়ের আশকারায় আবার তোমাকে ডাকি,
আমার এই ভুল-ত্রুটিতে ভরা আকুল আবেদন,
কখনো কি তোমার কাছে পৌঁছাবে না?