স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুদের বিরুদ্ধে আপন শেখ (১৫) নামে এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ বন্ধুকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুন) রাতে কাশিয়ানী উপজেলার বাঘঝাপা গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আপন শেখ কাশিয়ানীর বাঘঝাপা গ্রামের তুহিন শেখের ছেলে এবং কাশিয়ানী পাইলট হাই স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র।
আপন শেখের বাবা মো. তুহিন শেখ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আমার ছেলে আপসকে তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখানে তারা রেল সেতুর উপর বসে গল্প করে। এর কিছুক্ষন পরে তার দুই বন্ধু সেতুর নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক আমার ছেলেকে মৃতঃ ঘোষনা করে।
তিনি আরো বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
নিহত আপন শেখের চাচা শাহিন শেখ বলেছেন, পরিকল্পিতভাবে আমার ভাইপোকে তার বন্ধুরা হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচারের দাবী জানাই।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আপনের চার বন্ধুকে আটক করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। #