স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই সাইফুল আলম খাঁ ও তার ছেলেদের বিরুদ্ধে। এসময় বীর মুক্তিযোদ্ধার ছেলে হাসিবুর রহমান ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
আজ বুধবার (১৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আমিনুর রহমান বলেন, বুধবার দুপুরে পৈতৃক জমির মাটি কাটছিলো সাইফুল আলম খাঁ ও তার ছেলেরা। তখন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই সাইফুল আলম খাঁ ও তার চার ছেলে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনকে কুপিয়ে জখম করে। এসময় বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের স্ত্রী চিৎকার শুরু করলে তার ছেলে হাসিবুর ঠেকাতে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
পরে প্রতিবেশীরা আহত মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে তাদের অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসি আরো বলেন, এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহত বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের ছেলে আহত হাসিবুর রহমান মুঠোফোনে জানান, জমিতে মাটি কাটায় বাঁধা দেয়ায় আমার বাবা বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন ও আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে সাইফুল ও তার ছেলেরা। আমি এই সন্ত্রাসীদের বিচার চাই।
এ বিষয়ে জানতে সাইফুল আলমের বাড়িতে গেলে তাদের খুঁজে পাওয়া যায়নি। এছাড়া মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাতে সাড়া মেলেনি। #