স্টাফ রিপোর্টার :
বরগুনার বামনায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে আউশ ধানের চারা রোপনের মাধ্যমে যান্ত্রিক ধানের চার রোপন এর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার(২৪ জুন) সকাল ১০ ঘটিকায় বামনা উপজেলার রামনা ইউনিয়নের অযোধ্যা ও পোটকাখালী গ্রামের আ. রহমান গাজীর ধান ক্ষেতে প্রথম পরীক্ষামূলক রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন শুরু করা হয়।
ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. ফারজানা ইয়াসমিন, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা প্রমূখ।
জানাগেছে, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বীজ রোপন করা হলে কম সময়ে ও স্বল্প খরচে জমিতে বীজ রোপন করা সম্ভব। ফলে ধান চাষে কৃষকরা অধিক লাভবান হবে।
এব্যাপারে কৃষক আ. রহমান গাজী জানান, বামনায় প্রথম এই পদ্ধতিতে ধানের বীজ রোপন শুরু হয়েছে এবং এর প্রথম সুফলভোগি আমি হওয়ায় খুব গর্বিত। আশাকরছি এই পদ্ধতিতে চারা উৎপাদন ও রোপন করলে অধিক ফলন ও লাভবান হবো।
বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. ফারজানা ইয়াসমিন বলেন, বামনা উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন এই প্রথম শুরু হয়েছে। ট্রেতে বীজতলা তৈরী ও ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ছোট ছোট চারা রোপন করলে অল্প সময়ে চারাগুলো তাদের কান্ড বিস্তার ঘটায়। এই পদ্ধতিতে স্বল্প সময়ে ও স্বল্প খরচে অধিক ফলন পাওয়া যায়।