স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গত কয়েক মাস ধরে বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রব নিয়ে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানুষ ভয় পাচ্ছে ক্ষেত-খামারে যেতে, রাতে চলাফেরা করতে, মাছ ধরতে এবং অন্যান্য স্বাভাবিক কাজকর্ম করতে। সাপটির উপদ্রব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জেও ছড়িয়েছে রাসেলস ভাইপার আতঙ্ক।
এই আতঙ্ক কমানে পরিস্কার পরিচ্ছন্ন ও ক্ষতিকর পোকামাকড় দমনের উদোগ নিয়েছে বেসকারি স্বেচ্ছাসেবী সংগঠন রেইনবো ক্লাব।
আজ শুক্রবার (২৮ জুন) দুপুরে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর, আদমপুর এবং পাথরাইলসহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার এবং ক্ষতিকর পোকামাকড় দমনের কীটনাশক স্প্রে করে বেসকারি স্বেচ্ছাসেবী সংগঠন রেইনবো ক্লাবের স্বেচ্ছাসেবীরা।
এসময় রেইনবো ক্লাবের পরিচালক মাকসুদা খানম চায়না, সাধারণ সম্পাদক মামুন শিকদারসহ এ সংগঠনের ৫০জন সদস্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কাজ করেন।
রেইনবো ক্লাবের প্রতিষ্ঠাতা খুলনা শেখ হাসিনা মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য ডা. মাহাবুবুর রহমান জানান, রাসেলস ভাইপার মূলত উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে। তবে সামপ্রতিক বছরগুলোতে এটি দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। নদ-নদীর পানিতে ভেসে বিভিন্ন জেলায় ছড়িয়েছে। প্রাণীবিদ্যা গবেষকরা বলেছেন, এতদিন এটি এক ফসলি জমিতে খাদ্য হিসেবে ইঁদুর শিকারের জন্য বেশি বিচরণ করত। এখন দেশে দুই বা তিন ফসলি জমি বৃদ্ধি পাওয়ায় এর খাদ্যের পরিমান বেড়ে যাওয়া এবং বংশ বিস্তারে সুবিধা হওয়ায় এটি দেশজুড়ে ছড়িয়ে পড়ছে।
তিনি আরো বলেন, সচেতনা বৃদ্ধির লক্ষ্যেই রেইনবো ক্লাব এ কর্মসূচি পালন করেছে। এছাড়াও রেইনবো ক্লাব সামাজিক এবং এলাকার উন্নয়নে বিভিন্ন কাজ করে থাকে। #