স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের ভাষা সৈনিক এ এম ফজলুর রহমান (৯১) আর নেই। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি——রাজেউন)।
বর্ণাঢ্য জীবনের অধিকারী এ এম ফজলুর রহমান আমৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে গেছেন। টানা দুইবার তিনি তৎকালীন গোপালগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
৫২’র ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ভাষা আন্দোলনে অংশগ্রহনের কারনে ওই সময় তিনি গ্রেপ্তার হন এবং তিন মাস ফরিদপুর কারাগারে বন্দী জীবন যাপন করেন। কর্মজীবনে তিনি গোপালগঞ্জ কায়েদ-ই-আযম মেমোরিয়াল কলেজের (বর্তমান সরকারি বঙ্গবন্ধু কলেজ) কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ আসর গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গনে মরহুম এ এম ফজলুর রহমানের জানাজা শেষে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
ভাষা সৈনিক এএম ফজলুর রহমানের মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। #