স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশের নতুন কারিকুলামের শিক্ষা অন্যান্য সার্কভুক্ত দেশগুলো ফলো করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশের নতুন কারিকুলামের শিক্ষাব্যবস্থা অন্যান্য সার্কভুক্ত দেশগুলো ফলো করার চেষ্টা করছে। নতুন কারিকুলাম নিয়ে আমরা যে কাজটা শুরু করেছি ভারতেও তা পাইলটিং হচ্ছে। হয়তোবা তারাও (ভারত) ১-২ বছরের ভিতরে তারা এই শিক্ষাটা নিয়ে আসবে। তবে একটা আশার কথা হল, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমরাই প্রথম শুরু করেছি।
আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ আরো বলেন, নতুন কারিকুলাম নিয়ে বিভিন্ন কোচিং সেন্টার অভিভাবকদের মিসলেট করে। কারন কোচিংয়ের বই ও গাইডের একটা বিশাল মার্কেট আছে। আমরা মোটামুটি খবর পেয়েছি তিন হাজার কোটি টাকার উপরে তার পুঁজি খাটিয়েছে। এত টাকা খাটিয়েছে আর তাদের বই, কোচিং চলবেনা স্বাভাবিকভাবে এদের একটা বিশাল গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপটাই আমাদের বিপক্ষে অবস্থান নেবে। তাই নতুন কারিকুলাম নিয়ে অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। সারা বিশ্বের সাথে তাল মেলাতে আমাদের এমন রূপান্তর ঘটানো ছাড়া বিকল্প ছিল না।
সরকারি কলেজে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের সরকারিকরণের বিষয়ে মাউশি মহাপরিচালক বলেন, এ বিষয়ে আমাদের একটা চেষ্টা আছে, আলোচনা আছে। কিন্তু অনেকের সরকারি চাকরি করার বয়স নেই। তাই অন্য কোন ভাবে তাদেরকে প্রোভাইড করা যায় কিনা সেটা মন্ত্রণালয় চিন্তা ভাবনার মধ্যে আছে।
এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান মাউশির নতুন মহাপরিচালক। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #