বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ গভীর বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলার থেকে ছিটকে পরে জান মো. শাহজাহান (৬০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। পাথরঘাটার কামাল হোসেনের মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া মাছের ট্রলার থেকে।
বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
সোমবার ৩১ জুলাই গভীর বঙ্গোপসাগরের নিখোঁজ হন তিনি। নিখোঁজ জেলের নাম মো. শাহজাহান। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের মো. লাল শরীফের ছেলে।
এফবি মা-বাবার দোয়া ট্রলারের মাঝি মো. আরমান বলেন, গভীর বঙ্গোপসাগরের মধ্য বসে জাল ফালানোর জন্য ট্রলারের ১২ মাঝি মাল্লাকেসহ সবাইকে পাওয়া গেলেও শাহজাহানকে পাওয়া যায়নি। এরপর বিষয়টি আশপাশের সব মাছ ধরার ট্রলারে অবগত করি। তারাও ওয়্যারলেস এর মধ্যে জেলে নিখোঁজের বিষয়টি সবাইকে অবগত করেন। ধারণা করা হচ্ছে সাগরের অতিরিক্ত তুফানে সকাল ১০ টা থেকে বিকেল চারটার কোনো এক সময় মো. শাহজাহান সাগরে পড়ে গেছে।
এবিষয়ে নিখোঁজ জেলে শাহজাহানের ছেলে মো. জয়নাল বলেন, আমার বাবার যদি হায়াত থাকে তাহলে যেন আল্লাহ ফিরিয়ে দেন। যদি না থাকে তবে যেন বাবার লাশটা অন্তত ফিরে পাই আমরা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুম আকন বলেন, নিখোঁজ জেলে সন্ধানের জন্য সাগরে থাকা সকল মাছ ধরার ট্রলারগুলোকে ওয়্যারলেসের মাধ্যমে জানানো হয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে শাহজাহানকে খুঁজে বের করার।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট শাকিল মেহবুব বলেন, ঘটনাস্থল মোংলা জোনের আওতায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সেখান থেকে সাগরে অবস্থানরত টহল টিমকে অবগত করা হয়েছে। এবং টহল টিমের কাছে জেলে শাহজাহানের ছবি পাঠানো হয়েছে।