স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল কের করে নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অটোস্টান্ডে গিয়ে শেষ হয়।
পরে সেখানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মাহবুব হাসান কাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ অলিদুর রহমান হীরা, যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি প্রমূখ বক্তব্য রাখেন।
অপরদিকে, একই প্রতিবাদে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, যুবলীগ নেতা নজরুল ইসলাম হাজরা মন্নু, শেখ কাইউম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুন, সাবেক সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন, গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মামলা প্রত্যাহারসহ যতদিন আমাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এছাড়া বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, গতকাল মঙ্গলবার আমাদের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মমলা দায়ের করা হচ্ছে। যতদিন পর্যন্ত এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেত্রীকে দেশে ফিরিয়ে না আনা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। #