স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ : “গনঅধিকার পরিষদ”-রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাওয়াতে উচ্ছাস প্রকাশ করে গোপালগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।
আজ শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের কলাবাগান এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করে গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গী গিয়ে শেষ হয়।
এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হকের ছবি সংবলিত প্লাকার্ড প্রদর্শন করে এবং ‘ভিপি নুরের ঘাটি গোপালগঞ্জের মাটি’ ‘বাংলাদেশের ভবিষ্যত গণঅধিকার পরিষদ’ ‘গণঅধিকার পরিষদ তারুণ্যের পরিষদ’ ‘আমাদের অঙ্গীকার জনতার অধিকার’ সহ বিভিন্ন শ্লোগান দেয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আল আমীন সরদার, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, যুব অধিকার পরিষদের হাসিবুল ইসলাম, গনঅধিকার পরিষদের নেতা মোল্লা ইব্রাহিম বক্তব্য রাখেন। এরআগে বিকালে গোপালগঞ্জ পৌরসভার ঘোষেরচর কলাবাগান এলাকায় ফিতা কেটে গণঅধিকার পরিষদে কার্যালয় উদ্বোধন করেন নেতাকর্মীরা। এসময় নেতা কর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস করেন।
গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আল আমীন সরদার তার বক্তব্যে বলেন, গণঅধিকার পরিষদ তারুণ্যের পরিষদ,গন অধিকার পরিষদ সাধারণ মানুষের পরিষদ। আমরা দীর্ঘদিন অন্যায়, চাঁদাবাজি, লুটপাটের বিরুদ্ধে যে আন্দোলন করে আসছি তার সফলতা ইতিমধ্যে পেয়েছি। ইনশাল্লাহ আগামীতে গোপালগঞ্জ জেলায় কোন প্রকার ছিনতাই,চাঁদাবাজি, টেন্ডারবাজি হতে দিবো না, আমরা তা রুখে দিবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে ২ সেপ্টেম্বর নিবন্ধন দেয় ইসি। ৫১ তম রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে। #