আসাদুল ইসলাম, গাইবান্ধা
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর।তার এ বিতর্কিত মন্তব্যের জেরে একঘন্টা কর্ম বিরতি পালন করেছে সুন্দরগঞ্জ নার্সিং সংস্কার পরিষদের নার্সরা।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মবিরতি পালন করেন।সমাবেশে বক্তারা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন। তাদের দাবি হচ্ছে— নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে।
আন্দোলনকারী নার্সরা জানান, পূর্বে এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
এই আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নার্সদের অভাবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে, যা দেশের সার্বিক স্বাস্থ্যখাতের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর মাকসুরা নূর নার্সদের পেশাকে হেয় করে বক্তব্য দেন। যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নার্সদের ২য় শ্রেণির পদমর্যাদা প্রদানকে ‘ভুল’ বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে নার্স সমাজ ক্ষোভে ফেটে পড়ে, যা ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলনে রূপ নেয়।