• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দুই বংশের মধ্যে সংঘর্ষে নিহত-১, আহত-৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে দুই বংশের মধ্যে সংঘর্ষে নিহত-১, আহত-৫

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষে সতীশ রায় ঠাকুর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৫ জন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তফা কামাল এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সতীশ রায় ঠাকুরের বাড়ি মুকসুদপুর উপজেলার মহিষতুলী গ্রামে

ওসি মুস্তফা কামাল জানান, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হলে একই গ্রামের সতীশ রায় ঠাকুর ঠেকাতে গেলে পিছন দিক থেকে তার মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই সতীশ নিহত হন।

তিনি আরো বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার পর দোষীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সতীশ রায় ঠাকুরকে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। #