স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-ইজিবাইক-ভ্যান ত্রিমুখী সংঘর্ষে টিটুল মোল্লা (৪৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২ জন।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাট্টাইধোবা বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যান চালক টিটুল মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা চরপাড়া গ্রামের মৃত. মোঃ রকমান মোল্যার ছেলে। আহতরা হলেন, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের মো. রাজ্জাক মিয়ার ছেলে ইজিবাইক চালক মো. আকবর মিয়া ও ইজিবাইকের অজ্ঞাত নারী যাত্রী।
ওসি মোঃ শফিউদ্দিন জানান, ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ভাট্টাইধোবা বাসষ্ট্যান্ডে ইজি বাইক থেকে যাত্রী নামছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পাশে থাকা ভ্যানের উপরে আছড়ে পড়ে। এতে ভ্যান চালক মো টিটুল মোল্লার ঘটনাস্থলেই নিহত হন ও ২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। ঘাতক ট্রাককে ভাটিয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। #