• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে করোনা মৃত বৃদ্ধর বাড়িসহ ১৩ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২০, ১৯:২৩ অপরাহ্ণ
বেতাগীতে করোনা মৃত বৃদ্ধর বাড়িসহ ১৩ বাড়ি লকডাউন

 নিজস্ব প্রতিবেদক 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হওয়া বরগুনার বৃদ্ধ খলিলুর রহমান করোনা আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে শেবামেক এর পিসিআর ল্যাবে করা তার নমুনা রিপোর্ট পজেটিভ আসে।

করোনা আক্রান্ত হয়ে বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা এবং চিকিৎসকের বাবা খলিলুর রহমান (৭২) এর মৃত্যুতে তার বাড়িসহ আশপাশের ১৩টি ঘর লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার রাতে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ওই ১৩টি ঘর লকডাউন করা হয় বলে জানিয়েছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব আহসান।

শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, ‘গত ১৬ এপ্রিল করোনা ওয়ার্ডে জ্বর এবং স্বাশকষ্ট নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন বৃদ্ধ খলিলুর রহমান। ওই দিনই তার নমুনা পরীক্ষার জন্য শেবামেকের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।

শুক্রবার রাতে পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে করোনা পজেটিভ আসে। তার আগেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত্যু হয়। পরে রাতে পুলিশ প্রহরায় একটি এ্যাম্বুলেন্স যোগে তার মৃতদেহ বেতাগী নিয়ে যাওয়া হয়।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহসান জানিয়েছেন, খবর পাওয়ার পর পরই বেতাগীতে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৩টি ঘর আমরা লকডাউন করে দিয়েছি।

পরিবারের প্রতিটি সদস্যকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে পৌঁছে দেয়া হবে।