শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধি ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন থাকা জাহাঙ্গীর শিকদার (৩২) নামে ভ্যান চালক এক যুবকের মৃত্যু হয়েছে।
জাহাঙ্গীর উপজেলার ভগিরথপুর বাজারের পরিচ্ছন্নতাকর্মী ও ছোট শৌলা গ্রামের আঃ মজিদ শিকদারের পুত্র।
এ ঘটনায় মৃত্যু জাহাঙ্গীর ও প্রতিবেশী সালাম খানের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, জাহাঙ্গীর গতকাল শনিবার বিকেলে জ্বর ও ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়।
পরে তার অবস্থার অবনতি ঘটলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বরিশাল শেবাচিম হাসপাতালের আইসোলেশন বিভাগে ওই রাতে ভর্তির পর রোববার ভোররাতে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডাঃ আলী হাসান জানান, করোনা উপসর্গ থাকায় গুরুতর অসুস্থ জাহাঙ্গীরকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
তারপরেও জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।
তিনি আরও জানান- এ ঘটনায় হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, সেকমো, ৩জন নার্স ও ওয়ার্ড বয়সহ ৬জনকে রিপোর্ট না পাওয়া পর্যন্ত হোম কোয়ারিন্টাইনে থাকতে বলা হয়েছে।