আব্দুল্লাহ আল মানছুর,স্টাফ রিপোর্টার,কুমিল্লা:
কুমিল্লা মুরাদনগরে পাওনা টাকার সালিশী বৈঠকে ভাড়া করা সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আরো ৩জন আহত হন । বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন (৩২) উপজেলার রহিমপুর গ্রামের মৃত. খলিল মিয়ার ছেলে। আহতরা হলো- নবীপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোজাফফর হোসেন(৫০) তার ছেলে আক্তার হোসেন(৩০) ও জসিম উদ্দিন(৫৫)। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি সহ ভাড়াটে করা সন্ত্রাসী মারুফ (১৯) নামের একজনকে আটক করে মুরানগর থানা পুলিশে সোপর্দ করেছে। আটককৃত মারুফ মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের আবুল কালামের ছেলে। আহত আক্তার হোসেনের স্ত্রী রাবেয়া জানান, তার ননদ নিলুফা বেগম উপজেলার যাত্রাপুর গ্রামের শিড়িনা বেগমের কাছ থেকে ১০হাজার টাকা ধার আনেন। ধারের টাকাকে কেন্দ্র করে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ হলেও কোন সুরাহা হয়নি। পাওনা টাকার জন্য বৃহস্পতিবার রাতে তার ননদ ও স্বামীকে তুলে নিয়ে যেতে শিড়িনা বেগম ৮/১০ জনের একটি বখাটেদের দল নিয়ে তার শ্বশুর বাড়ীতে আসে। এসময় তাদের সাথে শিড়িনা’র লোকজনের হাতাহাতি হয়। এরপর স্থানীয়রা বিষয়টি মিমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে নবীপুর বাজারে অবস্থিত কামাল মাষ্টারের অফিসে সালিশ বৈঠক বসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সালিশ চলাকালে অফিসের বাহিরে শিড়িনা বেগমের সাথে আসা ভাড়াটে সন্ত্রাসী মারুফসহ কয়েকজন রাবেয়া বেগমকে লাথি মেরে ফেলে দেয়। এসময় রাবেয়ার স্বামী’র বন্ধু রাজিব রাবেয়াকে উঠাতে গেলে ভাড়াটে সন্ত্রাসী মারুফ কোমর থেকে ছুরি বের করে রাজিবের বুকে ও শরীরে এলোপাথারি কুপাতে থাকে। এসময় রাজিবকে বাঁচাতে আসলে তার বন্ধু আক্তার হোসেন ও তার বাবা মোজাফফর এবং কাকা জসিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করেন। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত চিকিৎসক রাজিব হোসেনকে মৃত ঘোষনা করেন এবং আহতদের অবস্থা গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত হত্যাকান্ডের ঘটনায় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন- হত্যার ঘটনায় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।