• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল চুরি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল চুরি।

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:-
মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি (১৫ টাকা কেজির) চাউল চুরির অভিযোগ পাওয়া গেছে।
ডিলার আবদুল গনি বয়াতি জানান, মঙ্গলবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা খাদ্য গোডাউন থেকে তার আওতাধীন ৫২৪ জন কার্ডধারীর মাঝে বিতরণের জন্য জনপ্রতি ৩০ কেজি হারে মোট ১৫ টন ৭২০ কেজি চাল বুঝে নিয়ে উলানিয়া আশা গ্রামের কেসিনি কিন্ডারগার্টেন বসে সকাল থেকেই বিরতণ শুরু করেন। সারাদিন ৫২৪ জনের মধ্যে টেক অফিসার’র উপস্থিতিতে ৪৬৬ জন কার্ডধারী তাদের চাউল বুঝে নেন এবং বাদবাকী ৫৮ জন কার্ডধারী উপস্থিত না হওয়ায় অবশিষ্ট ১ টন ৭৪০ কেজি (৫৮ বস্তা) চাউল বুধবার বিতরণের জন্য ওই কিন্ডারগার্টেনের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।
বুধবার সকালে যথারীতি চাউল বিতরণ করতে এসে দেখেন কে বা কারা রাতের আঁধারে তালা এবং দরজার চৌকাঠ ভেঙ্গে সমস্ত চাউল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে টেক অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান আবদুল হালিম চৌধুরী মিলন ও টেক অফিসার পূর্ব হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহের তালুকদার।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক চাউল চুরির ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।