স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রায় আড়াই লাখ জাল টাকা, নগদ প্রায় ৪ লাখ টাকা ও একটি প্রাইভেটকারসহ দুই জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক ও সদর হাসপাতালের সামনে থেকে এদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে ও তুরাগ থানা এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের বুথ ভেঙ্গে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামী মো. হাবিবুর রহমান (৪০)ও একই উপজেলার ফকিরকান্দি গ্রামের নওশের আলী শেখের ছেলে রিপন শেখ বাটু (৩৭)।
ওসি মির মো. সাজেদুর রহমান জানান, শুক্রবার রাতে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব সংলগ্ন গোপালগঞ্জ টেলিকম এবং সদর হাসপাতালের সামনে থেকে স্থানীয়রা জাল টাকা ব্যবসায়ী সন্দেহে মো.হাবিবুর রহমান ও রিপন শেখ বাটুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় পুলিশ বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব সংলগ্ন গোপালগঞ্জ টেলিকম এর সামনে থেকে গ্রেফতারকৃত মো. হাবিবুর রহমানের কাছ থেকে ২ লাখ ৪১ হাজার জাল টাকা ও নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার এবং একটি সাদা রংয়ের প্রাইভার কার জব্দ করা হয়। এছাড়া রিপন শেখ বাটুর কাছ থেকে আরো ২ হাজার জাল টাকা উদ্ধার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মো. হাবিবুর রহমান ২০২৩ সালে তুরাগ থানা এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের বুথ ভেঙ্গে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামী। এছাড়া গ্রেফতারকৃতদের নামে তুরাগ ও গোপালগঞ্জ সদর থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এ (বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। #