• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই দলে ৭জন ডাকাত সদস্য থাকলেও পুলিশের উপস্থিত টের পোয়ে বাকীরা পালিয়ে যায়।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা বালুর মাঠ এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়।

কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো-ঢাকার কদমতলী বস্তির নুর ইসলামের ছেলে মো. হাসান (২০) এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলির ছেলে গাড়ির হেলপার মোঃ শিমুল (২৭)।

কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান, একটি পিকআপ দ্রুত বেগে ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সদস্যরা সিগনাল দেয়। তাদের সিগনাল না মেনে পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরো জানান, এসময় ৫ জন ডাকাত সদস্য পালিয়ে গেলেও ২ জনকে পুলিশ ধরে ফেলে। গ্রেফতার ডাকাত সদস্যদের কাছ থেকে ৭টি ককটেল এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতদের ব্যবহৃত পিকআপটিও। গ্রেফতার ডাকাত সদস্যদেরকে কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। #