• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত

শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. ছিদ্দিকুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বোরহানউদ্দিন থানার সুসজ্জিত পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস এবং আনসার বাহিনী জাতীয় পতাকাকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান অতিথিদের সঙ্গে বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর অতিথিরা বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন উপজেলা প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী মিয়া এবং অন্যান্য মুক্তিযোদ্ধাগণ। তাদের সম্মানে ফুল এবং বিশেষ উপহার প্রদান করা হয়।

এরপর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সেই সাথে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি, এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এর আগে সকাল সাড়ে ছয়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন পৌরসভা, বোরহানউদ্দিন থানা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এ বছর কুচকাওয়াজে শিক্ষার্থীদের অংশগ্রহণ না থাকলেও বিজয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও প্রেরণা জুগিয়েছে। এমন একটি সুন্দর আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।

মহান বিজয় দিবস বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক। এই দিনটি আমাদের অনুপ্রাণিত করে নতুন এক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার।