মেধাবী শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্ব বিকাশে এক অনন্য আয়োজন “Genius of the Year-24” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জানুয়ারি, শনিবার, কুমিল্লার চৌদ্দগ্রামে এই সেমিনারে অংশ নেয় ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টপার ও হাফেজ শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষাবিদ, চিকিৎসক, শিল্পী-সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা।
সেমিনারটি আয়োজন করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরাফাত আলমের প্রতিষ্ঠিত “Genius Association of North Chauddagram”। কুমিল্লা ফ্রেন্ডস ক্লাব, দোহা, কাতার-এর সভাপতি শাহজালাল গাজীর পৃষ্ঠপোষকতায় এই সেমিনারটি তিনটি সেশনে পরিচালিত হয়।
অনুষ্ঠানের প্রথম সেশনে উদ্বোধনের পর কুমিল্লার প্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠন পূর্বাশা শিল্পীগোষ্ঠী দেশাত্মবোধক ও শিক্ষামূলক গান পরিবেশন করে। পরে ইনস্ট্যান্ট মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করে।
দ্বিতীয় সেশনে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নৈতিকতা, শিক্ষা এবং জাতি গঠনে ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল, “আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব”, “যারা পাঠে সেরা, তারা মাঠেও সেরা”, “উচ্চশিক্ষার ক্রমধারা” এবং “কিশোর অপরাধপ্রবণতা: কারণ ও সমাধান”। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক বক্তব্য দিয়ে তাদের ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনা দেন।
সেমিনারের তৃতীয় সেশনে প্রধান অতিথি চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব রহমত উল্লাহ শিক্ষার্থীদের হাতে মেধার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক হবে।”
অনুষ্ঠানের পরিচালক আরাফাত আলম ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও নিয়মিতভাবে আয়োজনের আশ্বাস দেন। অংশগ্রহণকারী শিক্ষার্থী হাবিবা আক্তার তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আমার জীবনে দেখা সেরা ও শিক্ষণীয় প্রোগ্রাম এটি। আমরা চাই এমন আয়োজন সবসময় হোক।”